কাপ্তাইয়ে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে বিএনপির গণসংবর্ধনা

প্রতিবেদক: মো: জয়নাল আবেদীন
প্রকাশ: ২ ঘন্টা আগে

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার (দীপু)কে গণসংবর্ধনা দিয়েছে কাপ্তাই উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৫ মিনিটে কাপ্তাই উপজেলা মিলনায়তনে এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপির পক্ষ থেকে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।

কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইয়াসিন মামুন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মামুনুর রশিদ মামুন, জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা, জেলা পরিষদ সদস্য মো. ফারুক আহমেদ সাব্বির, শাশ্বত চাকমা ও নন্দিতা দাসসহ জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এতে প্রায় ৮০০ থেকে ৮৫০ জন নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য উথোয়াই মং মারমা কাপ্তাইয়ের সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগের কথা তুলে ধরেন।

তিনি বলেন, কাপ্তাইয়ের মানুষ পাহাড়ি ও দুর্গম এলাকায় বসবাস করায় বর্ষা মৌসুমে তাদের দুর্ভোগ বেড়ে যায়। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগ ব্যাহত হয়। এতে নিম্নআয়ের ও অসহায় মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়েন। দুর্গম এলাকার মানুষের যাতায়াত, চিকিৎসা, শিক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনেও নানা প্রতিবন্ধকতা রয়েছে।

তিনি কাপ্তাইয়ের সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ঝুঁকিপূর্ণ সড়ক সংস্কার, নৌপথে নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ এবং নৌঘাট ও নৌযান চলাচলের অবকাঠামো উন্নয়নের দাবি জানান। পাশাপাশি গরিব-অসহায় মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং বর্ষায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

কাপ্তাইয়ের পর্যটন সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, পরিকল্পিতভাবে পর্যটন খাতের উন্নয়ন করা গেলে স্থানীয় মানুষের কর্মসংস্থান বাড়বে এবং এলাকার অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। একই সঙ্গে কাপ্তাইয়ের সব সম্প্রদায়ের মানুষের পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মামুনুর রশিদ মামুন বলেন, কাপ্তাইয়ের মানুষের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, পর্যটন ও জনকল্যাণমূলক কার্যক্রমের উন্নয়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা নিয়ে কাপ্তাইয়ের শান্তি, সম্প্রীতি ও সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সংবর্ধনার জবাবে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার (দীপু) কাপ্তাইয়ের সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, কাপ্তাইয়ের মানুষের ভালোবাসা ও আন্তরিকতায় তিনি অভিভূত। কাপ্তাই উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, পর্যটনসহ সার্বিক উন্নয়ন এবং মানুষের জীবনমান উন্নয়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে।

তিনি কাপ্তাইয়ের সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। জনগণের যেকোনো সমস্যা ও দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সমাধানের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

এছাড়া অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পরে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে শান্তিপূর্ণভাবে গণসংবর্ধনা অনুষ্ঠান শেষ হয়। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দেহরক্ষী ও পুলিশ প্রটোকলসহ কাপ্তাই থেকে রাঙামাটির উদ্দেশে রওনা হন।

অনুষ্ঠানকে কেন্দ্র করে কাপ্তাই থানার এসআই সাখাওয়াত হোসেন, এসআই স্বপন কুমার ও সঙ্গীয় ফোর্স এবং কাপ্তাই ট্রাফিক পুলিশের সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।