লংগদুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুর মৃত্যু; আহত আরও ৫

প্রতিবেদক: বিপ্লব ইসলাম
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

বিপ্লব ইসলাম,

লংগদু (রাঙ্গামাটি)

রাঙ্গামাটির লংগদু উপজেলায় মাহিন্দ্র ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের রাঙ্গামাটি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (৬ জুলাই) সকাল ৭টার দিকে বাইট্টাপাড়া থেকে দীঘিনালাগামী একটি মাহিন্দ্র এবং সোনাই পাঁচ নম্বর এলাকা থেকে ছেড়ে আসা একটি অটোরিকশার মধ্যে ইসলামবাদ এলাকার নাজিম টিলা নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা ছয়জন গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রাবেতা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের রাঙ্গামাটি সদর হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত দুই বছরের শিশু রিফাত মারা যায়। আহত বাকি পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সোনাই পাঁচ নম্বর থেকে আসা অটোরিকশাটি দ্রুতগতিতে মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর সব যাত্রী আহত হন। তবে মাহিন্দ্রে থাকা যাত্রীরা নিরাপদ ছিলেন।

অটোমালিক সমিতির সভাপতি দুলাল বলেন, চালক বরকত তাদের সমিতির সদস্য নন। তিনি সম্প্রতি অটোরিকশাটি কিনেছেন এবং রাস্তায় চালানোর বিষয়ে সমিতিকে অবহিত করেছিলেন। তিনি আরও জানান, গাড়ি কেনার দিনই সেটি একবার পাহাড়ের নিচে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছিল। এরপরও সমিতির পক্ষ থেকে ঘটনার খোঁজখবর নেওয়া হচ্ছে।

মাহিন্দ্র মালিক সমিতির প্রতিনিধি জামাল হোসেন বলেন, তাদের মাহিন্দ্রটি সকাল ৬টায় যাত্রী নিয়ে দীঘিনালার উদ্দেশ্যে রওনা দেয়। নাজিম টিলায় দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। প্রাথমিকভাবে ঘটনাস্থলের চিত্র এবং যাত্রীদের বক্তব্যে অটোরিকশাটি বিপরীত লেনে চলে এসেছিল বলে জানা গেছে।

অপরদিকে, অটোরিকশার সব যাত্রী আহত অবস্থায় রাঙ্গামাটি সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় জড়িত যানবাহন দুটি জব্দের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • রাঙ্গামাটি