Oplus_131072

খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
সভায় পুলিশ সদস্যদের কল্যাণসংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনার পাশাপাশি পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, সততা, জবাবদিহিতা ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।
এ সময় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফরা তাদের পেশাগত সমস্যা ও দাবি-দাওয়া ডিআইজির কাছে তুলে ধরেন। তিনি তাদের বক্তব্য মনোযোগ সহকারে শুনে উত্থাপিত বিষয়গুলো বিধি মোতাবেক সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী নিষ্ঠা, সততা, মানবিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতকরণ, মাঠপর্যায়ের সমস্যা ও প্রতিবন্ধকতা নিরসন এবং জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
পরে ডিআইজি খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশের অস্ত্রাগার পরিদর্শন করেন। এ সময় অস্ত্র ও গোলাবারুদসহ সংশ্লিষ্ট সরঞ্জামের যথাযথ সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁনের সভাপতিত্বে সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন থানা, ফাঁড়ি, ক্যাম্প ও তদন্তকেন্দ্রের ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য ও সিভিল স্টাফরা উপস্থিত ছিলেন।