
মোঃমোজাফফর আহমেদ,বিলাইছড়ি (রাঙ্গামাটি)
বিলাইছড়ি উপজেলার ৩নং ফারুয়া ইউনিয়নের দুর্গম বন্যাপ্লাবিত এলাকার অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয় হেডম্যান রিনলম বম পালম এবং তার ছোট ভাই পাষ্টার জন বমের উদ্যোগে ‘নাজিরিন চার্চ ইউএসএ’-এর আর্থিক সহযোগিতায় এই মহৎ কার্যক্রম বাস্তবায়িত হয়। ফারুয়া বাজার, তারাছড়ি, এগোচ্যছড়ি, গয়্যাইনছড়ি, শুক্কুরছড়ি ও যমুনাছড়ি পাড়ার বন্যায় ক্ষতিগ্রস্ত মোট ২০০টি পাহাড়ি ও বাঙালি দরিদ্র পরিবারকে এই সহায়তার আওতায় আনা হয়।
এই মানবিক উদ্যোগের অংশ হিসেবে প্রতিটি পরিবারের হাতে চাল, ডাল, পেঁয়াজ, রসুন, তেল ও আলুর মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। দুর্গম পাহাড়ি অঞ্চলের বন্যাপ্লাবিত এসব মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং বর্তমান সংকটকালে তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই মূলত এই সহায়তা প্রদান করা হয়। প্রয়োজনীয় খাদ্যসামগ্রী হাতে পেয়ে স্থানীয় উপকারভোগী পরিবারগুলো গভীর সন্তুষ্টি প্রকাশ করে এবং আয়োজক প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আঃ সালাম ফকির ও সাধারণ সম্পাদক মোঃ জাফর আহমেদ। এছাড়া ফারুয়া ইউনিয়ন বিএনপি সভাপতি সামশু তঞ্চঙ্গ্যা, সাংগঠনিক সম্পাদক মোঃ তারেক, ফারুয়া বাজার সমিতির সভাপতি মোঃ হারুন, বাবু সমু্ল্যা তঞ্চঙ্গ্যা এবং হেডম্যান রামচান বমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দুর্গম এলাকার মানুষের কষ্ট লাঘবে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।