“লংগদুতে জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের মারামারি; একই পরিবারের একাধিক আহত”

প্রতিবেদক: মোঃ এরশাদ আলী
প্রকাশ: ২ দিন আগে

রাঙামাটির লংগদু উপজেলার চাইল্যাতলী এলাকায় জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ধারালো অস্ত্রের আঘাতে একই পরিবারের একাধিক সদস্য আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী পরিবারের সদস্য সরদার তারেক (৪১) অভিযোগ করে জানান, সোমবার সকাল ৫টার দিকে মহরম খান (৬০) ও তার ছেলেরা জোরপূর্বক তাদের বাবার পৈতৃক জমি দখলের চেষ্টা চালায়। এতেতারা বাধা দিলে মহরম খান, নয়ন খান বাবু (৩৫), সোহেল খান (৩০), মনি খান (২৮) ও মুন্না খান (২২)-সহ আরও কয়েকজন মিলে তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং লাঠি ও ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে সরদার তারেক ছাড়াও তার বোন মাফরুজা বেগম (৩৫), মনিরা জাহান নাজমা (৩৯) ও তারিন আক্তার (২৫) গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এবিষয়ে অভিযুক্ত মহরম খানের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে দাবি করেন, বিরোধপূর্ণ জমিটি মূলত তাদের। সরদার তারেকসহ অন্যরা প্রথমে তাদের ওপর হামলা চালিয়েছে।

তবে স্থানীয়রা জানান, জমি দখল করাকে কেন্দ্র করেই এই সংঘর্ষের সূত্রপাত। 

বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান হযরত আলীর সঙ্গে কথা হলে তিনি মুঠোফোনে জানান, বিরোধকৃত জমিটি দীর্ঘদিন ধরে তারেকদের দখলেই ছিল। সেখানে মহরম ও তার আত্মীয়রা জোরপূর্বক ঘর তোলার চেষ্টা করলে তারেক বাঁধা দেয়, আর তখনই তাদের ওপর এই হামলা চালানো হয়।

লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত

চিকিৎসক জানান, গত ৭ সেপ্টেম্বর (সোমবার) আঘাতপ্রাপ্ত কয়েকজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে লংগদু থানা পুলিশ জানায়, মারামারির ঘটনায় উভয় পক্ষ থেকেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে, তদন্ত সাপেক্ষে  জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।