
জন্মাষ্টমী উপলক্ষে রাঙামাটির নানিয়ারচরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৪ সেপ্টেম্বর ২০২৬) নানিয়ারচর শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।
শোভাযাত্রাটি শ্রী শ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নানিয়ারচর উপজেলা পরিষদ পর্যন্ত যায়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবু ধনঞ্জয় মল্লিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন যুবদলের সদস্য সচিব মো. আলী, নানিয়ারচর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফ এবং নানিয়ারচর বাজার কমিটির সাধারণ সম্পাদক সানাউল্লাহ।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নানিয়ারচর উপজেলা শাখার সদস্য সচিব জনি চৌধুরী, শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুজন নন্দী, সহ-সভাপতি উত্তম দাশসহ নানিয়ারচর উপজেলার সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ আনন্দ শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বীদের ব্যাপক অংশগ্রহণে নানিয়ারচরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।