নাটোরে ব্যবসায়ীর গোডাউন থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩ বস্তা চাল উদ্ধার

প্রতিবেদক: মো মিজানুর রহমান
প্রকাশ: ৬ দিন আগে

নাটোরের সিংড়া বাজারে এক ব্যবসায়ীর গোডাউন থেকে অবৈধভাবে মজুত রাখা খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উদ্ধার করা চালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭ হাজার ৩১০ টাকা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হাটসিংড়া চাউলপট্টি এলাকায় অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাতের নেতৃত্বে পরিচালিত অভিযানে ব্যবসায়ী বিপ্লব কুমার কুন্ডুর গোডাউন থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চালগুলো উদ্ধার করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সিংড়া বাজারের ব্যবসায়ী বিপ্লব কুমার কুন্ডুর গোডাউনে খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুত করে রাখা হয়েছে—এমন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গোডাউন থেকে মোট ৭৩ বস্তা চাল উদ্ধার করা হয়।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত জানান, উদ্ধার করা চাল আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সরকারি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রশাসনের এমন অভিযান খাদ্যবান্ধব কর্মসূচির চালের অবৈধ মজুত ও অনিয়ম ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।