নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২০

প্রতিবেদক: মিজানুর রহমান
প্রকাশ: ১ সপ্তাহ আগে
Oplus_131072

Oplus_131072

নাটোর-পাবনা মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন যাত্রী। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখান থেকে নয়জনের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, দুর্ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন। এতে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়ায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্যও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।