নাটোর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করলেন আব্দুল্লাহ আল সাকিব বাকী

প্রতিবেদক: মো মিজানুর রহমান
প্রকাশ: ১ সপ্তাহ আগে

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত নাটোর জেলা আওয়ামী যুবলীগের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল সাকিব বাকী।

গত ১ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের স্বাক্ষরিত ৭৬ সদস্যের নাটোর জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। ওই কমিটিতে সদস্য হিসেবে আব্দুল্লাহ আল সাকিব বাকীর নাম রাখা হয়েছে।

কমিটিতে নিজের নাম অন্তর্ভুক্তির বিষয়টি জানার পর তিনি স্বেচ্ছায় ওই পদ থেকে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। একই সঙ্গে তাকে কমিটি থেকে বাদ দিয়ে সংশোধিত কমিটি প্রকাশের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

পদত্যাগপত্রে আব্দুল্লাহ আল সাকিব বাকী উল্লেখ করেন, তিনি ২০০৩ সালে নাটোর পৌর ছাত্রলীগের আহ্বায়ক, ২০০৪ সালে নাটোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ২০১০ সালে জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি নাটোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পদত্যাগপত্রে তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে তিনি নাটোর জেলা আওয়ামী যুবলীগের সংগঠনে কাজ করতে ইচ্ছুক নন। এ কারণে সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিতে দেওয়া সদস্য পদ থেকে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়ে বলেন, তাকে আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে বাদ দিয়ে কমিটি প্রকাশ করা হোক।

মুঠোফোনে প্রতিবেদককে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুল্লাহ আল সাকিব বাকী।

আব্দুল্লাহ আল সাকিব বাকীর পদত্যাগের ঘোষণার পর বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।