
সাম্প্রতিক অতিবৃষ্টির ফলে সৃষ্ট পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙ্গামাটি সদর জোন। মানবিক সহায়তার অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত ৮০টি পরিবারের মাঝে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) রাঙ্গামাটি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত, পিএসসি রাঙ্গামাটি পৌরসভার আওতাধীন ওমদাদিয়া হিল পৌর জুনিয়র স্কুল আশ্রয়কেন্দ্র এবং কাটাছড়ি পাড়া পরিদর্শন করেন। এ সময় তিনি আশ্রয়গ্রহণকারী ও ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন।
পরিদর্শন শেষে কাটাছড়ি পাড়া এবং ওমদাদিয়া হিল পৌর জুনিয়র স্কুল আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ৮০টি পরিবারের মোট ২৪০ জন সদস্যের হাতে খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয় হেডম্যান, কারবারি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা দুর্যোগকবলিত মানুষের পাশে সেনাবাহিনীর এই উদ্যোগের প্রশংসা করেন।
রাঙ্গামাটি সদর জোন থেকে জানা জানো হয়, চলমান দুর্যোগ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত জনগণকে উদ্ধার, নিরাপদ স্থানে স্থানান্তর এবং প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে। দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীও ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা ও পুনর্বাসনে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।