রাঙামাটিতে পবিত্র মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রতিবেদক: মো জাহিদুল ইসলাম
প্রকাশ: ২ সপ্তাহ আগে
Oplus_131072

Oplus_131072

রাঙামাটিতে পবিত্র মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় রাঙামাটি শহরের বনরূপা আল-আমিন ইসলামিয়া ফাজিল মডেল ডিগ্রি মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আল-আমিন ইসলামিয়া ফাজিল মডেল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মনছুরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইনিমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফেরদৌস আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, আল-আমিন ইসলামিয়া ফাজিল মডেল ডিগ্রি মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা জাহাঙ্গীর আলম ও সহকারী অধ্যাপক মো. আব্দুল আলীম।

এ সময় মাদ্রাসার অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে আল-আমিন ইসলামিয়া ফাজিল মডেল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম সিদ্দিকী বলেন, পবিত্র মিলাদুন্নবী (সা.) মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ রেখে গেছেন। তাঁর জীবন ও আদর্শ অনুসরণ করলেই সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব।

তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলে হবে না, তাদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায়ও গড়ে তুলতে হবে। মহানবী (সা.)-এর সততা, ন্যায়পরায়ণতা, মানবিকতা, সহনশীলতা ও পরোপকারের আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে।

মাওলানা নুরুল আলম সিদ্দিকী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা দেশ ও জাতির ভবিষ্যৎ। ভালোভাবে পড়াশোনা করার পাশাপাশি বাবা-মা, শিক্ষক ও বয়োজ্যেষ্ঠদের সম্মান করবে এবং সমাজের মানুষের প্রতি দায়িত্বশীল আচরণ করবে। মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে নিজেদেরকে সৎ, আদর্শবান ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে পবিত্র মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।