পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রাঙ্গামাটি সদর জোনের ত্রাণ বিতরণ।

প্রতিবেদক: HillVision News
প্রকাশ: ২ সপ্তাহ আগে

সাম্প্রতিক অতিবৃষ্টির ফলে সৃষ্ট পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে রাঙ্গামাটি সদর জোনের সেনাবাহিনী। আজ শনিবার (১১ জুলাই) সকালে রাঙ্গামাটি সদর জোনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত ৮০টি পরিবারের মাঝে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

জানা যায়, জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত পিএসসি সকালে রাঙ্গামাটি সদর উপজেলার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আশ্রয় কেন্দ্র, সাপছড়ি ইউনিয়ন পরিষদ আশ্রয় কেন্দ্র এবং কাউখালী উপজেলার আরটিএম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঘাগড়া আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন।

পরিদর্শন শেষে তিনটি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ৮০টি পরিবারের মোট ২০৪ জন সদস্যের মাঝে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে মানিকছড়ি আর্মি ক্যাম্প ও ঘাগড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, সাপছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি সদর জোন জানিয়েছে, চলমান দুর্যোগ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত জনগণকে উদ্ধার, নিরাপদ স্থানে স্থানান্তর এবং প্রয়োজনীয় ত্রাণ সহায়তা প্রদানের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে, যাতে দুর্গত মানুষের দুর্ভোগ কমিয়ে দ্রুত স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে সহায়তা করা যায়।