
রাঙ্গামাটির বরকল উপজেলার ৩ নং আইমাছাড়া ইউনিয়নের কলাবুনিয়া গ্রামে সাতটি মোবাইল ফোন চুরির ঘটনায় চুরি হওয়া মোবাইল ফোনসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আমবাগান এলাকার শহর আলীর ছেলে রাসেল জড়িত থাকতে পারেন বলে ধারণা করছেন স্থানীয় কয়েকজন। তবে তাঁর সংশ্লিষ্টতার বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, চুরি হওয়া সাতটি মোবাইল ফোনের মধ্যে চারটি স্মার্টফোন এবং তিনটি বাটন ফোন রয়েছে। ঘটনার পর মোবাইল ফোনগুলো নিয়ে আটক ব্যক্তি রাঙ্গামাটির উদ্দেশ্যে লঞ্চে যাত্রা করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুভলং এলাকায় লঞ্চের কেরানির সহযোগিতায় তাঁকে মোবাইল ফোনসহ আটক করা হয়। পরে তাঁকে পুলিশের হাতে হস্তান্তর করা হয়।
বর্তমানে আটক ব্যক্তিকে বরকল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পুলিশের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, মোবাইল চুরির ঘটনায় প্রকৃত জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তবে রাসেলের সংশ্লিষ্টতার বিষয়ে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া প্রয়োজন।