
রাঙামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে এক মাদক কারবারিসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় এক মাদক কারবারির কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বুধবার (১৫ জুলাই ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে মানিকছড়ি এলাকার বাসিন্দা মো. রমজান আলী প্রকাশ গাজী (৩৭)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া আদালতের সিআর পরোয়ানামূলে রিজার্ভ বাজার এলাকার মো. আব্দুল রশিদ এবং তবলছড়ি বাজার এলাকার দেবাশীষ বড়ুয়া প্রকাশ মনাকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে জিআর পরোয়ানামূলে হাসপাতাল এলাকার মেহেদী হাসান ওরফে মো. ইমাম মেহেদী (৩৭)-কে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে।