
মো. জয়নাল আবেদীন,কাপ্তাই (রাঙামাটি)
রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নম্বর ইউনিয়নে টানা ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ত্রাণ হিসেবে সাড়ে ৩ টন চাল বিতরণ করা হয়েছে।
রবিবার (২ আগস্ট) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের সার্বিক নির্দেশনায় এবং জেলা পরিষদের সদস্য ক্যওসিংমং চৌধুরীর তত্ত্বাবধানে ইউনিয়ন পরিষদের মাধ্যমে এই চাল বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চাল তুলে দেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমদ। তিনি বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায়, গরিব ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সরকারের বরাদ্দকৃত এই চাল প্রকৃত উপকারভোগীদের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করা হচ্ছে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”
এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা শ্রমিক দলের সভাপতি ফয়েজ আহমদ, উপজেলা তাঁতি দলের সেক্রেটারি তারিকুল ইসলাম, ইউনিয়ন পরিষদের দুইজন ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সুষ্ঠু ও স্বচ্ছভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন এবং দুর্যোগকবলিত মানুষের পাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।