রাঙামাটিতে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা, দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

প্রতিবেদক: মো নাজিম আলী
প্রকাশ: ২ সপ্তাহ আগে

রাঙামাটি পার্বত্য জেলা কমিউনিটি পুলিশিং কার্যকরী কমিটির সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের ওপর গুরুত্বারোপ করা হয়।

সোমবার (১২ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় রাঙামাটি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। রাঙামাটির পুলিশ সুপার আব্দুল রকিবের আয়োজনে সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রতিরোধ এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা কমিউনিটি পুলিশিং কার্যকরী কমিটির সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ, সহ-সভাপতি নব জ্যোতি খীসা, সাধারণ সম্পাদক রনেল চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাকসুদা হক এবং কার্যকরী কমিটির সদস্য মো. নুরুজ্জামানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় কমিউনিটি পুলিশিং কার্যকরী কমিটির সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা যেন রাঙামাটিতে শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়, সে জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদেরও সহযোগিতা করতে হবে।

তিনি আরও বলেন, রাঙামাটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য জনপদ। এ সম্প্রীতি অটুট রাখতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের গুজব, উসকানি কিংবা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ ও সম্প্রীতিপূর্ণ দুর্গাপূজা উদযাপন সম্ভব।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।