
রাঙামাটির লংগদু বাজার পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে রবিউল হক শামীম এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আব্দুস সাত্তার নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) সকাল ৯টা থেকে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৪৩ জন। নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ সবুজ মিয়া। তিনি জানান, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
এদিকে নির্বাচনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছেন লংগদু থানা পুলিশ।
তারা আরোও বলেন,নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচনের পর আগামী তিন বছর নবনির্বাচিত কমিটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সমিতির কার্যক্রম পরিচালনা করবে এটাই আমাদের প্রত্যাশা।
নবনির্বাচিত সভাপতি রবিউল হক শামীম বলেন, লংগদু বাজার পরিচালনা কমিটির সভাপতি হিসেবে আমাকে নির্বাচিত করায় আমি সকল ভোটার, ব্যবসায়ী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ বিজয় আমার একার নয়, এটি লংগদু বাজারের সকল ব্যবসায়ীর বিজয়। আমি সকলকে সঙ্গে নিয়ে বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারের শৃঙ্খলা বজায় রাখতে কাজ করতে চাই। বাজারের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে। দল-মত নির্বিশেষে সকল ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে আগামী তিন বছর সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে চাই। এ জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।
লংগদু বাজার পরিচালনা কমিটির এ নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী ও সমিতির সদস্যদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। নবনির্বাচিত সভাপতি রবিউল হক শামীম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সাত্তারের নেতৃত্বে আগামী তিন বছর বাজার পরিচালনা কমিটির কার্যক্রম সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।