
উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির নানিয়ারচরে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি নানিয়ারচর উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা দেশের সামগ্রিক উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ জনশক্তি তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, উৎপাদনশীলতা বাড়াতে প্রযুক্তিনির্ভর কর্মপদ্ধতির পাশাপাশি দক্ষতা উন্নয়ন ও উদ্ভাবনী চিন্তার সমন্বয় প্রয়োজন।
প্রাথমিক শিক্ষক প্রশিক্ষক সারওয়ার কামালের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উদ্ভিদতত্ত্ববিদ জোবায়দুর রহমান ভাসানী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান।
এ সময় নানিয়ারচর থানার ইনচার্জের প্রতিনিধি মো. ইয়াছিন, নানিয়ারচর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিনয় কৃষ্ণ খীসা, নানিয়ারচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাসান মল্লিকসহ বিভিন্ন এনজিওর কর্মকর্তা, জামায়াত ও বিএনপির নেতৃবৃন্দ, মসজিদের ইমাম এবং উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে ব্যক্তি, প্রতিষ্ঠান ও দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন।