
প্রবল বন্যায় রাঙ্গামাটির বরকল উপজেলার দুর্গম সীমান্তবর্তী এলাকার শত শত পরিবার যখন খাদ্যসংকট ও দুর্ভোগে মানবেতর জীবনযাপন করছে, ঠিক সেই কঠিন সময়ে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন ৩নং আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু সুবিমল চাকমা।
বন্যায় ক্ষতিগ্রস্ত ঠেগা খুব্বাং, কালাপুনাছড়া ও আন্দারমানিক এলাকার অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে তিনি ত্রাণ সহায়তা পৌঁছে দেন। এ সময় প্রায় ১৫০টি পরিবারের মধ্যে ৫০টি পরিবারকে ১০ কেজি করে চাল এবং ১০০টি পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়, যাতে তারা অন্তত কয়েক দিনের খাদ্যের ব্যবস্থা করতে পারেন।
দুর্গম এলাকায় নৌপথে পৌঁছে অসহায় মানুষের হাতে সহায়তা তুলে দেওয়ার সময় অনেকেই আবেগাপ্লুত হয়ে চেয়ারম্যান সুবিমল চাকমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে এমন মানবিক উদ্যোগ তাদের নতুন করে বেঁচে থাকার সাহস জুগিয়েছে।
চেয়ারম্যান বাবু সুবিমল চাকমা বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। যতদিন প্রয়োজন, সাধ্যের মধ্যে বন্যাদুর্গত মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।”
স্থানীয়দের মতে, এই মানবিক উদ্যোগ বন্যাকবলিত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করেছে এবং তাদের মনে আশার আলো জাগিয়েছে।