বিলাইছড়িতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ অনুষ্ঠান প্রদর্শন।

প্রতিবেদক: মোঃ মোজাফফার আহমেদ
প্রকাশ: ২ সপ্তাহ আগে

মোঃ মোজাফফার আহমেদ,বিলাইছড়ি (রাঙ্গামাটি) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচারিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি বিলাইছড়ির দীঘলছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বড় পর্দায় প্রদর্শন করা হয়েছে। অনুষ্ঠানটি দেখার পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান। এতে উপজেলা শিক্ষা কর্মকর্তা নিরালা কান্তি চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার আহ্বান

আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রাথমিক শিক্ষা হলো একটি শিশুর ভবিষ্যৎ গঠনের মূল ভিত্তি। শিক্ষার্থীদের সৃজনশীল ও নৈতিক শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি বক্তারা শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পাঠ্যবইয়ের শিক্ষার সঙ্গে নৈতিক শিক্ষার সমন্বয় ঘটানোর ওপর বিশেষ জোর দেন এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে বৃক্ষরোপণ

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির সাথে সংহতি জানিয়ে অতিথিবৃন্দ ও শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত এই কর্মসূচি কেবল দীঘলছড়ি বিদ্যালয়েই সীমাবদ্ধ থাকেনি; বরং উপজেলার মোট ৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে চারা রোপণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।