
জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি পৌরসভা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) বিকেল ৪টায় রাঙ্গামাটি ইসলামিক সেন্টার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পৌরসভা জামায়াতের সেক্রেটারি আবুল বাশার এবং সঞ্চালনা করেন সহকারী সেক্রেটারি রহমতুল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলা আমীর আব্দুল আলীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. ইসহাক, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাঙ্গামাটি জেলা সভাপতি আব্দুস সালাম, রাঙ্গামাটি জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রবিউল ইসলাম এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি নুরুজ্জামাল। এছাড়াও জেলা ও পৌর জামায়াত, শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণ-আন্দোলন দেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অধ্যায়। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সে সময় দমন-পীড়ন ও নির্যাতনের শিকার হয়ে অসংখ্য ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষ শাহাদাতবরণ করেন। তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রাণিত করবে।
বক্তারা আরও বলেন, জুলাই শুধু একটি মাসের নাম নয়; এটি গণঅধিকার, ন্যায়বিচার, স্বাধীন মতপ্রকাশ এবং বৈষম্যবিরোধী আন্দোলনের এক উজ্জ্বল প্রতীক। তাই জুলাইয়ের চেতনাকে ধারণ করে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং জনগণের ন্যায্য প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। একই সঙ্গে জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি ও মূল্যায়নেরও দাবি জানান বক্তারা।
অনুষ্ঠানের শেষপর্বে জুলাই গণ-আন্দোলনে শাহাদাতবরণকারী শহীদদের রূহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। এতে উপস্থিত সবাই গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদদের স্মরণ করেন এবং তাদের আত্মত্যাগের আদর্শ বাস্তবায়নে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।