রাঙামাটিতে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর উদ্বোধন

প্রতিবেদক: মো জাহিদুল ইসলাম
প্রকাশ: ২ দিন আগে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙামাটি জেলা মাদ্রাসা শাখার উদ্যোগে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৩টায় রাঙামাটি মারী স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙামাটি জেলা শাখার সভাপতি রবিউল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙামাটি জেলা শাখার অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙামাটি শহর শাখার সভাপতি সাওবান, রাঙামাটি কলেজ শাখার সভাপতি মোহাম্মদ নবী, মাদ্রাসা শাখার সভাপতি সিদ্দিকুর রহমান রাকিব সহ জেলা, শহর ও মাদ্রাসা শাখার অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

উদ্বোধনী খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আল-আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বাংলা প্রভাষক আব্দুর রহিম।

প্রধান অতিথির বক্তব্যে রবিউল ইসলাম বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সারা দেশে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় তরুণদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলাবোধ, ভ্রাতৃত্ববোধ ও সুস্থ ক্রীড়া সংস্কৃতি বিকাশের লক্ষ্যে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর আয়োজন করা হয়েছে।” তিনি আরও বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে নেতৃত্ব, শৃঙ্খলা ও পারস্পরিক সম্প্রীতির শিক্ষা দেয়। তাই সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।

এ সময় জেলা ও সদর থানা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, কর্মী, সমর্থক এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। উদ্বোধনী ম্যাচটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং খেলোয়াড়দের নৈপুণ্যে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তরুণদের সুস্থ বিনোদন, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।