
শারদীয় দুর্গাপূজা ঘিরে রাঙামাটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ ও দুর্গম সীমান্তবর্তী এলাকায় বিশেষ টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল চারটায় রাঙামাটি শহরের শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনকালে বিজিবির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
এ সময় বিজিবির রাঙামাটি সেক্টর সদর দপ্তরের পরিচালক ও ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন, পিএসসি, এসি বলেন, পার্বত্য অঞ্চলের পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায়ের মানুষ যাতে নিরাপদ ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তাপ্রস্তুতি নেওয়া হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, মহাপরিচালকের নির্দেশনায় রাঙামাটি পৌরসভা এলাকার গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ ও দুর্গম সীমান্তবর্তী অঞ্চলে টহল এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এ ছাড়া অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
পরিদর্শনকালে সাংবাদিক, পূজা উদ্যাপন কমিটির প্রতিনিধি ও স্থানীয় সুধীজনদের শারদীয় শুভেচ্ছা জানানো হয়। এ সময় পার্বত্য অঞ্চলে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানায় বিজিবি।
কোনো সন্দেহজনক গতিবিধি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নজরে এলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প, দায়িত্বে থাকা টহল দল অথবা অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে সংস্থাটি কাজ করে যাচ্ছে। দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।