
উৎসবমুখর পরিবেশ, বর্ণাঢ্য গাড়িবহর ও নেতাকর্মীদের ব্যাপক উচ্ছ্বাসের মধ্য দিয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপুকে রাজকীয় সংবর্ধনা দিয়ে বরণ করে নিয়েছেন জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কাউখালী উপজেলার গুদারপাড় এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মীর গাড়িবহর নিয়ে রাঙামাটিতে প্রবেশ করেন নবনিযুক্ত চেয়ারম্যান দীপেন তালুকদার দীপু। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত ১৪ জন সদস্য।
রাঙামাটিতে প্রবেশের পর নেতাকর্মীরা স্লোগান ও গান পরিবেশন করে বর্ণাঢ্য গাড়িবহর নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এতে শহরজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়। পরে গাড়িবহরটি কাঠালতলী এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে পৌঁছালে সেখানে নেতাকর্মীদের অংশগ্রহণে সংবর্ধনা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নবনিযুক্ত চেয়ারম্যান ও পরিষদের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান। একই সঙ্গে জেলা পরিষদের নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে তাঁদের দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
পরে সংবর্ধনা অনুষ্ঠান শেষে নবনিযুক্ত চেয়ারম্যান দীপেন তালুকদার দীপু ও পার্বত্য জেলা পরিষদের ১৪ জন সদস্য জেলা পরিষদ কার্যালয়ে যান এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
নতুন চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণকে ঘিরে জেলা পরিষদ প্রাঙ্গণেও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকায় ছিল আনন্দ-উচ্ছ্বাসের আবহ।
নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের কার্যক্রমে নতুন গতি আসবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।