আল আমিন ইসলামিয়া ফাজিল ডিগ্রি মডেল মাদ্রাসায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত

প্রতিবেদক: HillVision News
প্রকাশ: ২ সপ্তাহ আগে

জুলাই শহীদ দিবস’ উপলক্ষে রাঙামাটির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-আমিন ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মডেল মাদ্রাসার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) সকালে মাদ্রাসা ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে সহকারী অধ্যাপক মাওলানা ইসমাইল-এর সঞ্চালনায় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম ছিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মাওলানা জাহাঙ্গীর আলম, ইসলামিক সেন্টারের ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক আব্দুল আলিম, সহকারী অধ্যাপক মাওলানা শরিফুল ইসলাম, প্রভাষক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা ছমির উদ্দিন, আব্দুর রহিম, আব্দুল মোনাফ, দশম শ্রেণির ছাত্র আব্দুর রহিম এবং দশম শ্রেণির ছাত্রী মেরিন তাবাসসুম।

বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ, দেশপ্রেম, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, শহীদদের আত্মত্যাগ জাতিকে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার পথে অনুপ্রেরণা জোগাবে।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা নুরুল আলম ছিদ্দিকী বলেন,২০২৪ সালের কোটা আন্দোলনে তৎকালীন সরকারের দমন-পীড়নের মুখেও শিক্ষার্থীরা ন্যায়সঙ্গত দাবিতে অটল ছিল। জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। নতুন প্রজন্মকে সত্য, ন্যায় ও দেশপ্রেমের আদর্শে গড়ে তুলতে তাদের আত্মত্যাগ থেকে শিক্ষা নিতে হবে।

আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।