ডেঙ্গু প্রতিরোধে নানিয়ারচরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। 

প্রতিবেদক: কামরুল ইসলাম আকাশ
প্রকাশ: ৫ দিন আগে

ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নানিয়ারচর উপজেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

০৬ সেপ্টেম্বর (রবিবার) সকালে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার জনাব নূর পেয়ারা বেগমের সভাপতিত্বে, র‍্যালিটি উপজেলা পরিষদের প্রাঙ্গন থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসন বা স্বাস্থ্য বিভাগের ওপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, টায়ারসহ যেসব স্থানে পানি জমে থাকে সেগুলো নিয়মিত পরিষ্কার করার ওপর গুরুত্বারোপ করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনাতেও এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জমে থাকা পানি অপসারণকে ডেঙ্গু প্রতিরোধের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে এডিস মশার বংশবিস্তার রোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে বলেও জানান বক্তারা।

উক্ত র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আতাউর রহমান চৌধুরী, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান, নানিয়ারচর মডেল থানার অফিসার ইনসার্জ তৌফিকুল ইসলাম,জামায়াতের আমীর মাওলানা মোঃ জুলফিকার আলী,উপজেলা শিক্ষা কর্মকর্তা কৃষ্ণলাল দেবনাথ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ জনপ্রতিনিধি ও সাংবাদিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।