কাপ্তাইয়ের উন্নয়নে ঐক্যের ডাক, পাশে থাকার আশ্বাস জেলা পরিষদ চেয়ারম্যান দীপনের

প্রতিবেদক: নুর মোহাম্মদ
প্রকাশ: ৫ ঘন্টা আগে

রাঙামাটির কাপ্তাইয়ের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও পর্যটনসহ সার্বিক উন্নয়নে জেলা পরিষদের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার (দীপু)।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধনার জবাবে তিনি এসব কথা বলেন।

দীপন তালুকদার বলেন, “কাপ্তাইবাসীর ভালোবাসায় আমি কৃতজ্ঞ। এলাকার উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।” শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও পর্যটনের পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি।

একই সঙ্গে কাপ্তাইয়ের সব সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট রেখে ঐক্যবদ্ধভাবে উন্নয়নকাজে এগিয়ে আসার আহ্বান জানান জেলা পরিষদ চেয়ারম্যান।

অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সদস্য শাশ্বত চাকমা রিংকু ও উথোয়াই মং মারমাকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইয়াসিন মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।