
মো. জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি)
রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে রাইখালী ইউনিয়ন পরিষদের পাশে কামাল মেম্বারের চালের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহত সুজন চৌধুরী (৪৫) রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া কুতুরিয়া পাড়ার বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ী। দুর্ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক মো. গেবরানও সামান্য আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঙ্গালহালিয়া থেকে মোটরসাইকেলযোগে আসার সময় সুজন চৌধুরীর মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক সুজন চৌধুরীর পায়ে গুরুতর আঘাত লাগে।
আহতের বড় ভাই ও বাঙ্গালহালিয়ার ব্যবসায়ী পুলক চৌধুরী জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত সুজন চৌধুরীকে উদ্ধার করে প্রথমে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে আরও উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. সাকের দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল চালক সুজন চৌধুরী গুরুতর আহত হয়েছেন এবং অটোরিকশার চালক সামান্য আহত হয়েছেন। দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশাটি পুলিশ জব্দ করে থানা হেফাজতে নিয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা জানান, রাইখালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কে যানবাহনের চাপ বৃদ্ধি এবং বেপরোয়া গতিতে চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা এ সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ, গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা এবং সচেতনতামূলক উদ্যোগ জোরদারের দাবি জানিয়েছেন।