বাঘাইছড়িতে টানা বৃষ্টিপাতে পাহাড় ধস ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে উপজেলা প্রশাসন

প্রতিবেদক: মোঃ ফয়সাল
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

​রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে পৌর এলাকার একটি বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও অলৌকিকভাবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমেনা মারজান।

​স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিনের অবিরাম বর্ষণের ফলে বাঘাইছড়ি পৌরসভার ৬ নং ওয়ার্ডের বটতলী এলাকায় পাহাড় ধসের এই ঘটনা ঘটে। আকস্মিক পাহাড়ের মাটি ধসে পড়ে বেশ কয়েকটি বসতবাড়ি মাটির নিচে চাপা পড়ে ক্ষতিগ্রস্ত হয়। তবে স্থানীয়রা দ্রুত সরে যাওয়ার সুযোগ পাওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

​ঘটনার খবর পাওয়া মাত্রই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান। এ সময় তিনি ধসে পড়া বাড়িঘর ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন।

​পরিদর্শনকালে ইউএনও আমেনা মারজান পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী পরিবারগুলোকে অবিলম্বে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার কঠোর নির্দেশনা দেন।  ও সহায়তার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত আর্থিক অনুদান প্রদানের জোরালো আশ্বস্ত করেন তিনি।

​উল্লেখ্য, বর্ষা মৌসুমে রাঙামাটির পাহাড়ি অঞ্চলগুলোতে এ ধরনের ঝুঁকি এড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত সচেতনতামূলক মাইকিং ও সতর্কবার্তা প্রচার করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বসবাসরত সাধারণ মানুষকে যেকোনো জরুরি পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনকে দ্রুত জানানোর আহ্বান জানানো হয়েছে।