কাপ্তাই তথ্য অফিসের জরুরি প্রচার

প্রতিবেদক: মো: জয়নাল আবেদীন
প্রকাশ: ১৪ ঘন্টা আগে

ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান:

মো জয়নাল আবেদীন ,কাপ্তাই (রাঙামাটি)

ডেঙ্গু ও চিকনগুনিয়ার বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটির কাপ্তাই উপজেলা তথ্য অফিসের উদ্যোগে জরুরি সড়ক প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) উপজেলার বিভিন্ন জনবহুল এলাকা, বাজার, বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ সড়কে তথ্য অফিসের প্রচার দলের উদ্যোগে এ প্রচারণা চালানো হয়। মাইকিংয়ের মাধ্যমে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে করণীয় বিষয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়।

কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন জানান, বর্ষা মৌসুমে এডিস মশার প্রজনন বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু ও চিকনগুনিয়ার সংক্রমণের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এ কারণে জনগণকে সচেতন করতে উপজেলার গুরুত্বপূর্ণ ও জনসমাগমপূর্ণ স্থানে ধারাবাহিকভাবে প্রচার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলের আশপাশে কোথাও যেন তিন দিনের বেশি পরিষ্কার পানি জমে না থাকে, সেদিকে সবাইকে বিশেষভাবে নজর রাখতে হবে। পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে ব্যক্তি ও সামাজিক পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রচারণায় আরও জানানো হয়, ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পূর্ণ হাতা পোশাক পরিধান, মশারি ব্যবহার, মশা প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ এবং জ্বর দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।

এ সময় সাধারণ মানুষের প্রতি স্বাস্থ্যবিধি মেনে চলা, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং নিজ নিজ অবস্থান থেকে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

কাপ্তাই উপজেলা তথ্য অফিস জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের প্রচার কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।