কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দিন স্মারক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রতিবেদক: মো: জয়নাল আবেদীন
প্রকাশ: ৪ দিন আগে

মো.জয়নাল আবেদীন,কাপ্তাই (রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাইয়ে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদ শামসুদ্দিনের স্মৃতিকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে শহীদ শামসুদ্দিন স্মারক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষক উত্তম কুমার শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হানিফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান। তিনি বলেন, “কাপ্তাই যতদিন থাকবে, ততদিন শহীদ শামসুদ্দিন মানুষের হৃদয়ে অম্লান হয়ে থাকবেন। তিনি আমাদের অনুপ্রেরণার প্রতীক। পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে প্রাণ বিসর্জন দিয়ে তিনি দেশের জন্য এবং কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য সর্বোচ্চ ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন। চাইলে তিনি জীবন রক্ষার জন্য পালিয়ে যেতে পারতেন, কিন্তু দেশের স্বার্থে তিনি সেই পথ বেছে নেননি। তাঁর আত্মত্যাগ আমাদের চিরকাল স্মরণে রাখতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিউবো কাপ্তাই শাখার সহকারী পরিচালক (নিরাপত্তা) শাখাওয়াত কবির, সহকারী প্রকৌশলী তারেক আহমেদ, উপসহকারী প্রকৌশলী আদিল হোসেন চৌধুরী, শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষ রেহেনা আক্তার রেখা এবং বিউবো স্কুলের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে কাপ্তাইয়ের তিনটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে প্রধান অতিথি ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন