Oplus_131072

কিশোর কণ্ঠ পাঠক ফোরাম, রাঙ্গামাটি পার্বত্য জেলার উদ্যোগে বৃহস্পতিবার সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই শহীদ স্মৃতি বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর প্রথম রাউন্ড।
শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদী চিন্তাচেতনা, জ্ঞানভিত্তিক নেতৃত্ব এবং সুস্থ বিতর্ক সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলম সিদ্দিকী। সভাপতিত্ব করেন কিশোর কণ্ঠ পাঠক ফোরাম, রাঙ্গামাটি পার্বত্য জেলার চেয়ারম্যান মোহাম্মদ রবিউল ইসলাম। বিতর্ক প্রতিযোগিতার মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ ছাউবান।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আলম সিদ্দিকী বলেন, শিক্ষার্থীদের যুক্তিবাদী, জ্ঞানভিত্তিক ও নৈতিক নেতৃত্ব বিকাশে বিতর্কচর্চার গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, সুস্থ সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে মুক্তবুদ্ধি ও যুক্তির চর্চার কোনো বিকল্প নেই।
এবারের প্রতিযোগিতায় রাঙ্গামাটির ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো— রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়, রাঙ্গামাটি বাইতুশ শরফ আদর্শ আলিম মাদ্রাসা, আল-আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, মুজাদ্দেদ আলফেসানী উচ্চ বিদ্যালয়, মনোঘর রেসিডেনশিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন রাঙ্গামাটি সরকারি কলেজের বিতার্কিক মোহাম্মদ নবী হোসেন, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গোলাম রসুল এবং বিতার্কিক মোহাম্মদ জালাল উদ্দিন।
বিতর্কে অংশ নেওয়া শিক্ষার্থীরা সুচিন্তিত যুক্তি, তথ্যসমৃদ্ধ উপস্থাপনা এবং সাবলীল বাচনভঙ্গির মাধ্যমে প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিতর্ক পরিবেশন করেন। তাদের যুক্তিপূর্ণ উপস্থাপনা উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে।
আয়োজকরা জানান, পর্যায়ক্রমে প্রতিযোগিতার পরবর্তী রাউন্ডগুলো অনুষ্ঠিত হবে এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তা, নেতৃত্বের গুণাবলি ও সৃজনশীল মনন বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।