কাপ্তাইয়ে সাক্ষরতার আলো ছড়ানোর অঙ্গীকার, ‘উন্নত জীবন গড়ি’ প্রত্যয়

প্রতিবেদক: নুর মোহাম্মদ বাবু
প্রকাশ: ৪ দিন আগে

‘সাক্ষরতা অর্জন করি, উন্নত জীবন গড়ি’—এই প্রত্যয়ে রাঙামাটির কাপ্তাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঁখি তালুকদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়। পাশাপাশি সাক্ষরতার হার বৃদ্ধি, সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের শিক্ষার আওতায় আনা, দুর্গম এলাকায় শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে শিক্ষা বিস্তারে গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, একটি শিক্ষিত ও সচেতন সমাজ গঠনে সাক্ষরতার কোনো বিকল্প নেই। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। এ লক্ষ্যে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্ব দেন তারা।