Oplus_131072

রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় রুস্টপ রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর ৫টা ৪০ মিনিটের দিকে কসমসের রুস্টপ রেস্টুরেন্টে আগুন লাগার খবর পায় রাঙামাটি ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে রুস্টপ রেস্টুরেন্টের উপরের সিলিং, বিভিন্ন অংশ ও রান্নাঘরের বেশ কিছু অংশ পুড়ে গেছে। এছাড়া রেস্টুরেন্টের এসি, ফ্রিজ, কম্পিউটার, চেয়ার-টেবিলসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কসমস ও রুস্টপ রেস্টুরেন্টের মালিক এ.কে.এম. সালাহউদ্দীন জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রাঙামাটি ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. মফিজুর রহমান বলেন,ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আমরা আগুন লাগার সংবাদ পাই। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের নির্দিষ্ট সূত্রপাত এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
চারতলা ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলায় আবাসিক হোটেল পরিচালিত হয়। সেখানে মোট ২৯টি কক্ষ রয়েছে। অগ্নিকাণ্ডের সময় হোটেলে অবস্থানরত কোনো ব্যক্তি হতাহত হননি।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।