সিএমপির নিরাপত্তায় ভাবগাম্ভীর্যে উদযাপিত জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সা.)

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সার্বিক নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে পবিত্র জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সা.)।

বুধবার (২৬ আগস্ট ২০২৬) পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠিত জশনে জুলুস সকাল ১০টায় নগরীর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা থেকে শুরু হয়। জুলুসটি মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড়, ওয়াসা ও টাইগারপাসসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় গিয়ে শেষ হয়।

এছাড়াও নগরীর বিভিন্ন এলাকা থেকে আগত জশনে জুলুসগুলো গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

জশনে জুলুসকে কেন্দ্র করে নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিএমপির পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। নগরীর গুরুত্বপূর্ণ স্থান ও পয়েন্টগুলোতে সিএমপির বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সিসি ক্যামেরা ও ড্রোন ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা রাখা হয়। পুলিশের সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার কারণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সা.) সম্পন্ন হয়।

সিএমপির সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় পবিত্র এ ধর্মীয় আয়োজন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী ও নগরবাসীর মধ্যে স্বস্তি দেখা যায়।