বাঘাইছড়ির ইমামপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

প্রতিবেদক: মো আনোয়ার হোসেন
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ইমামপাড়ায় মাদকমুক্ত সমাজ গঠন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বাঘাইছড়ি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইমামপাড়া এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, বাঘাইছড়ি থানার সেকেন্ড অফিসার মোঃ মাইনুল ইসলাম,এসআই জাহিদুল ইসলাম ও এসআই আব্দুর রহমান এবং কাচালং সরকারি কলেজের প্রভাষক আবুল ফজল। এ ছাড়া স্থানীয় যুবসমাজ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর সামাজিক প্রভাব এবং যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে সচেতন করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আয়োজকদের মতে, মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় পর্যায়ে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি। এ ধরনের উদ্যোগের মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে ইতিবাচক ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার পথ সুগম হবে।