কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বিহারে শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন

প্রতিবেদক: মো: জয়নাল আবেদীন
প্রকাশ: ২ দিন আগে

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কেপিএম গেট এলাকায় কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারের উদ্যোগে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলাচরণ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধপূজা, আলোচনা সভা, সমবেত প্রার্থনা, ভিক্ষু সংঘের পিণ্ডচারণ এবং যুবক-যুবতীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালিসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারের সভাপতি সমর বড়ুয়া। তিনি উপস্থিত সবার উদ্দেশে বক্তব্য রাখেন এবং ধর্মীয় উৎসবের তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিহারের সাধারণ সম্পাদক কাজল বড়ুয়া।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট বাবু রাজীব কান্তি বড়ুয়া। তাঁকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে তিনি ধর্মীয় বক্তব্য প্রদান করেন।

এ ছাড়া প্রকাশনা ও অনলাইনভিত্তিক ‘চারুলতা’ পত্রিকার পরিচালক বাবু চারু উত্তম বড়ুয়াকেও ফুল দিয়ে বরণ করা হয়। তিনিও অনুষ্ঠানে ধর্মীয় বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারের সহসভাপতি জয়শীম বড়ুয়া উপস্থিত থেকে ধর্মীয় বক্তব্য দেন। বিহারের অধ্যক্ষ ভদন্ত বিপুলজ্যোতি থের ধর্মীয় অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন।

দিনব্যাপী আয়োজনে বৌদ্ধ ধর্মাবলম্বীরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে যুবক-যুবতীসহ বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানটির সার্বিক আয়োজন ও সহযোগিতায় ছিলেন কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাবৃন্দ।