
রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমুখ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ সার ও বীজ সংরক্ষণ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে মেসার্স সামিয়া বীজ ভান্ডারের স্বত্বাধিকারী মোঃ আবু সাঈদকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি জামাল উদ্দিন ব্যাপারীর ছেলে এবং মাইনীমুখ বাজার এলাকার বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানের সময় দোকানে মেয়াদোত্তীর্ণ বোরন সার ও বীজ সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এছাড়া কৃষি উপকরণ বিক্রির জন্য প্রয়োজনীয় লাইসেন্স ও অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টস প্রদর্শন করতে ব্যর্থ হন ওই ব্যবসায়ী।
এসব অনিয়মের দায়ে সংশ্লিষ্ট আইনে তাকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। কৃষকদের স্বার্থ সংরক্ষণ এবং নিরাপদ কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান অভিযান কালে উপস্থিত ছিলেন।