রাঙ্গামাটি রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে একজনের মৃত্যু

প্রতিবেদক: মোঃ সুমন খান
প্রকাশ: ১ দিন আগে

রাঙ্গামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে হরি মনি ত্রিপুরা   (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার  (২৬ অক্টোবর ) সকালে বিষয়টি জানা গেছে।

নিহত হরিমনি  রাজস্থলী  উপজেলার ঘিলাছড়ি  ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ৩ নং বলিপাড়া  এলাকার ওমাইপ্রু ত্রিপুরার  ছেলে।

নিহতের বড় ভাই জন ত্রিপুরা জানান, সোমবার পাহাড়ে ঝুম খেতের ধান আনতে যান হরিমনি ত্রিপুরা।  পাহাড়ের উপর দিক থেকে হঠাৎ বন্য শূকরের পাল তাকে  আক্রমণ করে। এসময় কোন লোক না থাকায়  পালিয়ে যাবার সময় শূকরের সামনে পড়ে যান হরিমনি।  শূকরের আক্রমনে তার শরীর ক্ষত-বিক্ষত করে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।তার মরদেহ উদ্ধার করে নিজ বাড়ীতে রাখা হয়েছে। তিনি আরো বলেন আমাদের পরিবার থেকে কোন অভিযোগ নাই। আমরা আগামী কাল সৎকার করে নিব। বিষয়টি আমাদের পক্ষ হতে ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা কে অবগত করেছি। 

১ নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়রা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে  এলাকায় এনে আমাকে বিষয়টি জানিয়েছেন।  এলাকা দুরবর্তী হওয়ায়  মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো সম্ভব হচ্ছেনা। তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা কে অবহিত করেছেন বলে জানান।