রাঙ্গামাটিতে জুলাই শহীদ স্মৃতি বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

প্রতিবেদক: মো জাহিদুল ইসলাম
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
Oplus_131072

Oplus_131072

উৎসবমুখর পরিবেশে রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই শহীদ স্মৃতি বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর ফাইনাল পর্ব। রাঙ্গামাটি কিশোর কণ্ঠ পাঠক ফোরামের আয়োজনে সদর উপজেলার বিভিন্ন স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সোমবার (২৪ আগস্ট) রাঙ্গামাটি আল আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের মধ্যে ফাইনাল বিতর্ক অনুষ্ঠিত হয়।

 প্রতিযোগিতায় যুক্তি, তথ্য ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে উভয় দলের শিক্ষার্থীরা নিজেদের বক্তব্য তুলে ধরেন। প্রাণবন্ত বিতর্কে উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রাঙ্গামাটি আল আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা এবং রানার্সআপ হয় রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আহসান উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি কিশোর কণ্ঠ পাঠক ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ রবিউল।

বক্তারা বলেন, বিতর্ক শিক্ষার্থীদের যুক্তিবোধ, জ্ঞানচর্চা, নেতৃত্বের গুণাবলি ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জুলাই শহীদদের স্মরণে আয়োজিত এ ধরনের প্রতিযোগিতা নতুন প্রজন্মের মাঝে দেশ, সমাজ ও ইতিহাস সম্পর্কে সচেতনতা সৃষ্টি করবে।

অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।