
রাঙামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে ১০ মামলার পলাতক আসামি ও পাঁচ বছরের সাজাপ্রাপ্ত শিমুল চৌধুরী (৩৪) গ্রেপ্তার হয়েছেন। এ সময় তার কাছ থেকে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (৫ আগস্ট ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার শিমুল চৌধুরী চট্টগ্রামের রাউজান উপজেলার দক্ষিণ সারতা (নব সওদাগরের বাড়ি) এলাকার কানু চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি রাঙামাটি সদর উপজেলার ভেদভেদী পাড়া (কালিমন্দির সংলগ্ন) এলাকায় বসবাস করছিলেন।
পুলিশের দেওয়া তথ্যমতে, শিমুল চৌধুরীর বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে এবং তিনি পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি। বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তারের পাশাপাশি ৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর বিধি মোতাবেক তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।