
ভিন্ন মোবাইল নম্বর থেকে পুলিশ সুপারের পরিচয়ে যোগাযোগ; সরকারি নম্বর ০১৩২০১১০৪০০ ছাড়া অন্য নম্বরে সাড়া না দেওয়ার আহ্বান
ব্যক্তিগত ছবি ব্যবহার করে এবং বিভিন্ন মোবাইল নম্বর থেকে নিজেকে বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের ঘটনায় জনসাধারণকে সতর্ক করেছেন পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার।
শুক্রবার (১১ই সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশ সুপার এর ভেরিফাইড ফেইসবুক একাউন্টে একটি পোস্ট এর মাধ্যমে জেলা পুলিশ সুপার এই বার্তা দেন।
এক সতর্কীকরণ বার্তায় পুলিশ সুপার জানান, সম্প্রতি তার ব্যক্তিগত ছবি ব্যবহার করে বিভিন্ন ভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করা হচ্ছে। এসব ফোনে নিজেকে বান্দরবান পার্বত্য জেলা পুলিশের পুলিশ সুপার হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং তাদের বিভ্রান্ত ও বিরক্ত করা হচ্ছে।
তিনি স্পষ্ট করে বলেন, এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
একমাত্র সরকারি মোবাইল নম্বর ০১৩২০১১০৪০০
পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার জানান, ০১৩২০১১০৪০০ নম্বরটিই তার একমাত্র সরকারি মোবাইল নম্বর। এই নম্বর ছাড়া তার আর কোনো সরকারি মোবাইল নম্বর নেই।
কেউ তার পরিচয় ব্যবহার করে অন্য কোনো নম্বর থেকে ফোন করলে অথবা কোনো ধরনের অনৈতিক, বিভ্রান্তিকর কিংবা সন্দেহজনক যোগাযোগ করলে তাতে সাড়া না দিয়ে বিষয়টি তার উল্লেখিত সরকারি নম্বরে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।
জনসাধারণের প্রতি সতর্কবার্তায় তিনি বলেন, পরিচয় যাচাই না করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক, প্রশাসনিক কিংবা অন্য কোনো ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে যোগাযোগ বা লেনদেনে না জড়ানোই নিরাপদ।
সতর্কীকরণ বার্তার শেষে পুলিশ সুপার সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন—“সচেতন থাকুন, প্রতারণা থেকে নিরাপদ থাকুন।”