
স্থানীয় নির্বাচনে জনগণের আস্থা অর্জন করতে দূর্নীতিবাজ, চাঁদাবাজির বিপরীতে সৎ ও যোগ্য প্রার্থীর উপযুক্ততা তুলে ধরতে হবে। সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনের মাধ্যমে জনসাধারণের কল্যাণ নিশ্চিত করা সম্ভব বললেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম ১৫ আসনের সাংসদ শাহজাহান চৌধুরী এমপি।
আজ শুক্রবার ৩০ অক্টোবর লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত লংগদু ও বাঘাইছড়ি উপজেলার স্থানীয় নির্বাচন সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর চট্টগ্রাম ১৫ আসনের সাংসদ শাহজাহান চৌধুরী এমপি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আগামী স্থানীয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। তাই সকলকে ঐক্যবদ্ধ থেকে এগিয়ে যেতে হবে।জনসাধারণের সুখে দুঃখে পাশে থাকতে হবে। জনকল্যাণমুখী কাজের জন্য নিজেদেরকে প্রস্তুতির জন্য তিনি দলের নেতা কর্মীদের আহবান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা নায়েব আমীর মাওলানা এ এল এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চট্রগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান, রাঙামাটি জেলা আমির অধ্যাপক আবদুল আলিম। উপজেলা সেক্রেটারী তাজ মাহমুদের সঞ্চালনায় সভায় জেলা জামায়াত ও ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময়ে লংগদু উপজেলার সাত ইউনিয়নের মধ্যে চারটি ইউনিয়ন পরিষদ ( মাইনীমূখ, বগাচতর, গুলশাখালী ও কালাপাকুইজ্যা) চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনিত চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
এছাড়াও তিনি পৃথকভাবে মহিলা সমাবেশে বক্তব্যের পাশাপাশি, গন্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন ।
এর আগে তিনি পাকুয়াখালী ট্রাজেডির নিহতদের গণকবর যিয়ারত করে নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন।