বিলাইছড়িতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ

প্রতিবেদক: মোঃ মোজাফফার আহমেদ
প্রকাশ: ২ সপ্তাহ আগে

মোঃ মোজাফফার আহমেদ, বিলাইছড়ি

বুধবার ১৫ জুলাই ২০২৬ তারিখে বিলাইছড়ি উপজেলার তক্তানালা আর্মি ক্যাম্পের উদ্যোগে এবং ক্যাপ্টেন তাহজিদ তাসনিফ রিফাতের তত্ত্বাবধানে স্থানীয় তক্তানালা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এই ক্যাম্পেইনে অত্র এলাকার ৭২ জন পাহাড়ি দরিদ্র, দুস্থ ও অসহায় ব্যক্তিকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদান করা হয়। প্রত্যন্ত এই অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসাপত্র প্রদানের পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করে সেনাবাহিনী।

একই দিনে উপজেলার শুক্কুরছড়ি পাড়ায় অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশেও দাঁড়িয়েছে সেনাবাহিনী। জোনের শুক্কুরছড়ি আর্মি ক্যাম্পের ব্যবস্থাপনায় এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ শামছুল কবীরের তত্ত্বাবধানে ২৪টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে দেওয়া ত্রাণের প্যাকেটে ছিল ২ কেজি চাল, ১ কেজি ডাল, ৫০০ গ্রাম চিনি, ৩ প্যাকেট বিস্কুট, ৫০০ গ্রাম গুড়, ১ কেজি মুড়ি এবং ৫ প্যাকেট ওরস্যালাইন। সেনাবাহিনীর এই সময়োপযোগী সহায়তা দুর্যোগকবলিত এসব মানুষের তাৎক্ষণিক কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।