কাপ্তাইয়ে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা, সম্প্রীতির বার্তা

প্রতিবেদক: নুর মোহাম্মদ
প্রকাশ: ১ সপ্তাহ আগে

রাঙামাটির কাপ্তাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে চন্দ্রঘোনা কেপিএম কয়লার ডিপু হরি মন্দির থেকে মহাশোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি কাপ্তাই সড়ক হয়ে উপজেলা সদর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় কাপ্তাই উপজেলার বিভিন্ন মন্দিরের ভক্ত, পূজারী ও সনাতনী সম্প্রদায়ের শত শত মানুষ অংশ নেন। এছাড়া সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দও এতে উপস্থিত ছিলেন।

এর আগে কেপিএম কয়লার ডিপু হরি মন্দির প্রাঙ্গণে মহাশোভাযাত্রার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সমলেন্দু বিকাশ দাশের সভাপতিত্বে এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য উথোয়াই মং মারমা। তিনি বলেন, “বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার সরকার। এখানে কোনো সাম্প্রদায়িকতার স্থান নেই। পাহাড়ে দীর্ঘদিন ধরে সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করে আসছেন।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কাপ্তাই উপজেলা শাখার আহ্বায়ক জগদীশ চন্দ্র দাশ।

এ সময় উপস্থিত ছিলেন ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট রাঙামাটি জেলার যুগ্ম আহ্বায়ক রূপক মল্লিক রাতুল, কেপিএম কয়লার ডিপু হরি মন্দির পরিচালনা কমিটির কার্যকরী সভাপতি রতন কান্তি মল্লিক, ইউপি সদস্য নীল কান্ত মল্লিক, কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সন্তোষ বিকাশ দাশ, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাপ্পা দে সহ সনাতনী সম্প্রদায়ের ভক্তরা।