উৎসবমুখর পরিবেশে কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন

প্রতিবেদক: মো জয়নাল আবেদীন
প্রকাশ: ২ সপ্তাহ আগে

মো. জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি)

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নতুন বাজার বণিক সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ১১টায় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা হিমেল দে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে ২২৯ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন বিগত কমিটির সভাপতি মো. জয়নাল আবেদীন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ার প্রতীকের প্রার্থী আলহাজ আব্দুল আলীম কালাম পেয়েছেন ২২৬ ভোট।

সাধারণ সম্পাদক পদে বাঘ প্রতীক নিয়ে ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিগত কমিটির সাধারণ সম্পাদক মো. করিম উদ্দিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দেয়ালঘড়ি প্রতীকের মোফাজ্জল হোসেন স্বপন পেয়েছেন ১৪৮ ভোট এবং হারিকেন প্রতীকের মো. তারিক উল্লাহ পেয়েছেন ১৩৪ ভোট।

দুইটি সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গোলাপ ফুল প্রতীকের মিন্টু চন্দ্র শীল (২০৩ ভোট) এবং মোবাইল প্রতীকের হাবিবুল ইসলাম শিপু (১৯৫ ভোট)। সহ-সম্পাদক পদে চশমা প্রতীকের মো. ইউসুফ ২৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে কলসি প্রতীকের মো. কুতুবউদ্দিন ২২৩ ভোট এবং অর্থ সম্পাদক পদে হাতপাখা প্রতীকের মো. হেলাল উদ্দিন ৩১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এছাড়া কার্যকরী সদস্যের পাঁচটি পদে নির্বাচিত হয়েছেন ডাব প্রতীকের শরীফ হোসেন (৩৩৬ ভোট), হাতি প্রতীকের মোহাম্মদ আব্দুল শুক্কুর (৩২৭ ভোট), প্রজাপতি প্রতীকের মোহাম্মদ বায়েজিদ হোসেন (৩২০ ভোট), মাইক প্রতীকের মো. বেলাল হোসেন মানিক (২৮৫ ভোট) এবং আম প্রতীকের মো. বাদশা মিয়া (২৬৪ ভোট)।

এর আগে সকাল ৯টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন। পুরুষ ভোটারদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক নারী ভোটারও ভোট প্রদান করেন। ভোট দিতে আসা ব্যবসায়ী কামাল হাকিম, মো. নেছার উদ্দিনসহ অনেকেই জানান, অত্যন্ত আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নতুন বাজার বণিক কল্যাণ সমিতির অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ বলেন, “সমিতির মোট ভোটার সংখ্যা ছিল ৫০২ জন। ১২টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সকাল থেকে অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছেন।”

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা হিমেল দে এবং সদস্য মাস্টার মো. ইউসুফ জানান, সকাল ৯টা থেকে সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। ৫০২ জন ভোটার ১২টি পদের জন্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের নির্বাচনে মোট ২১ জন প্রার্থী অংশগ্রহণ করেন। সার্বিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।