
রাঙ্গামাটি কোতয়ালী থানার পুলিশ সদস্যদের কর্মদক্ষতা, পেশাদারিত্ব ও বিভিন্ন অভিযানে গুরুত্বপূর্ণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ নগদ অর্থ পুরস্কার প্রদান করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
বিশেষ অভিযান
পরিচালনা করে ডাকাতি মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তার, দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার, আসামি গ্রেপ্তারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার তদন্ত ও উদ্ধার কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় কোতয়ালী থানার অফিসার ও ফোর্সদের নিজ কার্যালয়ে ডেকে এ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার।
এ সময় পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান।
তিনি বলেন, অপরাধ দমন, মাদক নির্মূল, ডাকাতি ও অন্যান্য অপরাধের রহস্য উদঘাটন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের প্রতিটি সদস্যকে আরও নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি ভবিষ্যতেও এ ধরনের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিত, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ তারেক সেকান্দার এবং রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন।