খাগড়াছড়িতে মাদকবিরোধী সমাবেশ ও র‌্যালি, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ডিআইজির

প্রতিবেদক: মো নাজিম আলী
প্রকাশ: ২ সপ্তাহ আগে

‘মাদককে প্রতিরোধ করি, যুব সমাজকে রক্ষা করি’এই প্রতিপাদ্যে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে খাগড়াছড়িতে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) জেলা পুলিশের আয়োজনে খাগড়াছড়ি টাউনহলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

প্রধান আলোচকের বক্তব্যে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, মাদক ব্যবসায়ী ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে শুধু পুলিশের একার পক্ষে মাদক নির্মূল সম্ভব নয়। এ জন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

তিনি মাদকসংক্রান্ত যেকোনো তথ্য নির্ভয়ে পুলিশকে জানানোর আহ্বান জানান। পাশাপাশি কোনো পুলিশ সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

সমাবেশ শেষে প্রধান অতিথি মাদকবিরোধী র‌্যালির উদ্বোধন করেন এবং র‌্যালিতে অংশ নেন। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউনহলে এসে শেষ হয়।

র‌্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এতে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও প্রতিরোধের বার্তা আরও জোরালো হয়ে ওঠে।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।