
পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি, পার্বত্য চট্টগ্রাম নির্বাহী কমিটি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক পরামর্শক কমিটি গঠন করায় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও সহযোগী সংগঠনগুলো।
শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টা থেকে ১০টা ২৫ মিনিট পর্যন্ত খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়।
সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব সম্প্রদায়ের স্বার্থ রক্ষা, শান্তি-সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বিক উন্নয়নের লক্ষ্যে গঠিত এসব কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা নিরসন, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কমিটিগুলো কার্যকর ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ, খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক কংজপুন মারমা, সিনিয়র সহ-সভাপতি সুঠামং মারমা, যুগ্ম সাধারণ সম্পাদক ওথোরটিলাপ্স মারমা, মহিলা মারমা ঐক্য পরিষদের সদস্য চাইণ্ডাং মারমা এবং মারমা মহিলা ঐক্য পরিষদ, খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি প্রাচাই মারমা।
আয়োজকরা বলেন, পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি জোরদার করে উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে নবগঠিত কমিটিগুলো কার্যকর ও সমন্বিতভাবে কাজ করবে বলে তারা প্রত্যাশা করেন।