বন্যা পরিস্থিতি মোকাবিলায় কাপ্তাইয়ে ৬টি মেডিকেল টিম প্রস্তুত

প্রতিবেদক: HillVision News
প্রকাশ: ২ সপ্তাহ আগে

মো জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি)

সম্ভাব্য বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। উপজেলার ৫টি ইউনিয়নের জন্য পৃথক ৫টি এবং কেন্দ্রীয়ভাবে ১টিসহ মোট ৬টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

শনিবার কাপ্তাই উপজেলা প্রশাসনের সমন্বয় সভায় স্বাস্থ্য বিভাগের প্রস্তুতি সম্পর্কে ব্রিফিং প্রদান করেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রুইলং মারমা।

তিনি জানান, বন্যাকালীন ও বন্যা-পরবর্তী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পর্যাপ্ত পরিমাণে ওআরএস (ORS), পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, আইভি ফ্লুইড এবং অ্যান্টি-স্নেক ভেনম মজুদ রাখা হয়েছে। এছাড়া মাঠকর্মীদের মাধ্যমে গ্রাম পর্যায়ে স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম জোরদার করা হয়েছে, যাতে সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং রোগ প্রতিরোধে সচেতন হতে পারেন।

ডা. রুইলং মারমা আরও বলেন, বন্যার সময় এবং বন্যা-পরবর্তী সময়ে পানিবাহিত রোগ প্রতিরোধে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্য বিভাগ উপজেলা প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয়ের মাধ্যমে সকল কার্যক্রম পরিচালনা করছে।

তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সকল বিভাগের সমন্বিত প্রচেষ্টায় দুর্যোগকালীন সময়ে জনসাধারণকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান এবং রোগব্যাধি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।